দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত টিম ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ‘টিম RAW’-এর ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’-এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য, যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অন্য কিশোরদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/